অসহায় অটোরিকশাচালক খালেকের বসতঘর পুড়ে ছাই

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ০৭:৩৪ পিএম
অসহায় অটোরিকশাচালক খালেকের বসতঘর পুড়ে ছাই

চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ব্রাহ্মণ সাখুয়া কবিরাজ বাড়ির পাশে নন্দী বাড়ির বাসিন্দা অটোরিকশাচালক আবদুল খালেকের বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। গতকাল রবিবার (১৮ অক্টোবর) মাগরিবের নামাজের পরপরই হঠাৎ সূত্রপাত হওয়া ভয়াবহ আগুনে তার একমাত্র মাথা গোঁজার ঠাঁই বসতঘরটি চোখের সামনেই ছাই হয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় ঘরের ভেতরের কোনো আসবাবপত্র বা জিনিসপত্র বের করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত আবদুল খালেক অত্যন্ত দরিদ্র ও দিনআনি দিনখাওয়া একজন মানুষ। ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে তিনি কোনোমতে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিলেন। একমাত্র থাকার ঘরটি হারিয়ে বর্তমানে পরিবার-পরিজন নিয়ে তিনি চরম মানবেতর পরিস্থিতির মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। এতে করে তার পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা।

সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া অটোরিকশাচালক খালেক ও তার পরিবারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এলাকার বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। একই সাথে অসহায় এই পরিবারটির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক-এর আশু দৃষ্টি আকর্ষণ ও মানবিক হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় এলাকাবাসী।

আপনার জেলার সংবাদ পড়তে