ঝিনাইদহের কালীগঞ্জে তাবাসসুম খাতুন (৪) নামের এক শিশুর বস্তা বন্দি মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জের বারবাজার এলাকার আব্দুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। শিশু তাবাসসুম বারবাজার এলাকার বাদেডিহি গ্রামের নজরুল ইসলামের মেয়ে। বুধবার বিকাল ৩ টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় নিখোঁজ হয় শিশু তাবাসসুম। বুধবার সন্ধা পর্যন্ত অনেক খোঁজাখুজি করে তাকে পায়নি পরিবার। এ দিন সন্ধায় শিশুটির সন্ধান চেয়ে ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন স্থানীয় একাধিক মানুষ। ঘটনার পর বৃহস্পতিবার সকালে স্থানীয় আব্দুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে মুখ বাঁধা অবস্থায় একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বস্তা খোলার পর শিশুটির রক্তাক্ত মরদেহ সনাক্ত করে স্থানীয়রা । এ ব্যাপারে সুবর্ণসারা পুলিশ ফাঁড়ির আইসি আশিক আহমেদ বলেন, শিশুটির গায়ে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ধারনা করছি তার সাথে খারাপ কিছু হয়েছে। ময়না তদন্তের পরই বাকিটা জানা যাবে।