অভয়নগরে বিএনপি-জামায়াত সংঘর্ঘে আহত ৭

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০৭ পিএম
অভয়নগরে বিএনপি-জামায়াত সংঘর্ঘে আহত ৭

যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শেখ খালিদ হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান ইউসুফ, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সিরাজুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ মাসুদ রানা ও সমর্থক শরিফুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকালে ভাটপাড়া বাজারে ইউনিয়ন বিএনপি ও জামায়াতে ইসামীর পৃথক অনুষ্ঠান শেষে উভয়দল মিছিল বের করে। এক পর্যায়ে মিছিল থেকে উস্কানিমূলক শ্লোগান দেওয়া শুরু হলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে সংঘর্ষ ভাটপাড়া বাজারে  ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান ইউসুফ বলেন, খালিদ ও ইকবাল ভাইকে কুপিয়ে তাদের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। আমাকে ও জাকির ভাইকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। এছাড়া মিছিলে থাকা অন্তত ২০জন আঘাতপ্রাপ্ত হয়েছেন। জামায়াত-শিবিরের মিছিল থেকে উস্কানিমূলক শ্লোগান দিয়ে তারা দেশীয় অস্ত্রসহকারে আমাদের উপর হামলা চালায়।     যশোর ইবনে সিনা হাসপাতালে চিকিৎনাধীন উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ মাসুদ রানা বলেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উস্কানিমূলক শ্লোগান দিয়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে উল্টো আমাদের উপর দায়ভার চাপিয়ে দিচ্ছে। তারা দেশীয় অস্ত্রসহকারে আমাকে, ইউনিয়ন জামায়াতের আমিরসহ ২০/৩০ জন মারপিট করে আহত করেছে। হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘ভাটপাড়া বাজারে  পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। তদন্তপূর্বক  আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন রয়েছে।’