গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. তামান্না তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. শেফাউল হক, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আতিকুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটন এবং কাপাসিয়া থানার উপপরিদর্শক মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের সর্বক্ষেত্রে নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে নারী-পুরুষ সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। আত্মবিশ্বাস, আস্থা ও দৃঢ় মনোবল থাকলে একজন নারী সব ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারে। আধুনিক বিশ্বে নারীরা শিক্ষা, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তারা উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা মহিলা সংস্থার ব্যানারে আমন্ত্রিত অতিথি, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ক্যাপ, ফেস্টুন ও ব্যানার নিয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস সফল হোক, সার্থক হোক’ স্লোগান দিতে দিতে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করেন।