ঈদ উপলক্ষে ভূঞাপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০১:০৯ পিএম
ঈদ উপলক্ষে ভূঞাপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) ভূঞাপুর পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় সুবিধাভোগী পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল প্রদান করা হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, প্রথম ধাপে পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ৩ শত জন করে মোট ৯ শত উপকারভোগীর মাঝে এই চাল বিতরণ করা হবে। পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য ওয়ার্ডের সুবিধাভোগীদের মাঝেও একইভাবে ভিজিএফের চাল বিতরণ করা হবে।

চাল বিতরণ কার্যক্রম বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. রাজিব হোসেন বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির মাধ্যমে এই চাল বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যাতে সমাজের সকল স্তরের মানুষ সমানভাবে উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ঈদের আগে তাদের কিছুটা স্বস্তি এনে দেবে।

আপনার জেলার সংবাদ পড়তে