লক্ষ্ণীপুরে

খাল পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ১২:১৬ পিএম
খাল পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল বিএনপি সরকারকে পরিষ্কার করতে হচ্ছে। অতীতের বর্জ্য ও অব্যবস্থাপনা দূর করে খালগুলোকে দখলমুক্ত ও সচল করতে সরকার কাজ করছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে লক্ষ্ণীপুর সদর উপজেলার জকসিন, মান্দারি, দিঘলী ও আমিনবাজার এলাকার রহমতখালী খাল পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং খালের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখা, জলাবদ্ধতা নিরসন ও খাল পুনঃখননের বিষয়ে মতামত নেন। পরে বেলা ১১টার দিকে সদর উপজেলার মান্দারি বাজার এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল আমাদের পরিষ্কার করতে হচ্ছে। খালগুলোকে দখলমুক্ত ও পুনঃখননের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক করা হবে, যাতে এলাকার মানুষ জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পায়।” তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়া হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের বিভিন্ন দপ্তরে উন্নয়ন ও সংস্কারমূলক কাজ এগিয়ে নেওয়া হবে। খাল পুনঃখনন কার্যক্রম সফল করতে স্থানীয় সচেতন মহলসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি। পরিদর্শনকালে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের খালের উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এদিকে তিনি ওয়াপদা খালের ভাঙন কবলিত এলাকাও পরিদর্শন করেন। সরেজমিনে ভাঙনের পরিস্থিতি দেখে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে