ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরীনের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ইউএনও শাহীনা নাছরীন। এসময় ফগার মেশিন ব্যবহার করে মশক নিধন কার্যক্রমের শুরু করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরসহ বেশ কয়েকটি স্থানে এই পরিচ্ছন্নতা কর্মসূচি চালানো হয়। এ সময় ইউএনও শাহীনা নাছরীন বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে মশার প্রজনন রোধ করা সম্ভব হবে। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস, ইউপি সদস্য আক্কল আলী,মহিলা ইউপি সদস্য গুলবাহার বেগমসহ স্থানীয় লোকজন অংশ নেন।