চোরাই ব্যাটারি সহ ঈদগাঁওতে ২ সক্রিয় সদস্য গ্রেফতার

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) :
| আপডেট: ১৪ মার্চ, ২০২৬, ১১:২১ পিএম | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ১১:২১ পিএম
চোরাই ব্যাটারি সহ ঈদগাঁওতে ২ সক্রিয় সদস্য গ্রেফতার

কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশের অভিযানে একটি চোরাই ব্যাটারি চালিত মিনি টমটম গাড়ী উদ্ধারসহ ২ সক্রিয় সদস্য গ্রেফতার হয়েছে। ১৩ই মার্চ রাতে তাদেরকে আটক করা হয়। ঈদগাঁও থানা পুলিশ প্রেরিত প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে ঈদগাঁও বাসস্টেশনের দক্ষিণ পার্শ্বে খালি জায়গা হতে একটি সবুজ রংয়ের পুরাতন মিনি টমটম চুরির ঘটনা ঘটে। জনৈক আবু নাছির বাপ্পি ঘটনার বিষয়ে থানায় অবহিত করলে পুলিশ দ্রুত তদন্ত ও অভিযানে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে ঘটনার সাথে জড়িত ২ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রায়হান (২০), পিতা- আলী আহম্মদ, সাং- দক্ষিণ মাইজ পাড়া, ঈদগাঁও ইউপি এবং মোঃ ইমরান (২৩), পিতা- গিয়াস উদ্দীন, সাং- মাদ্রাসা পাড়া, ইসলামপুর ইউপি। উভয় থানা- ঈদগাঁও, জেলা-কক্সবাজার। তাদের হেফাজত হতে চুরি হওয়া আনুমানিক এক লক্ষ ত্রিশ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারি চালিত ৩ চাকা বিশিষ্ট সবুজ রংয়ের পুরাতন মিনি টমটম (চেসিস নং- ঢএউঝ২০২৩১০২০৩১) উদ্ধার করা হয়। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ৩৭৯/৪১১/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অপরাধ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।