ভ্রমণ-বেপরোয়া স্পিডবোটে আতঙ্ক

চাঁদপুর তিন নদীর মোহনায় ঝুঁকিপূর্ণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬, ১১:১৮ এএম
চাঁদপুর তিন নদীর মোহনায় ঝুঁকিপূর্ণ

ঈদের আনন্দে যখন মানুষ ছুটে এসেছে প্রিয়জনদের কাছে, তখন ঘুরতে যাওয়ার অন্যতম গন্তব্য হয়ে উঠেছে চাঁদপুর বড়স্টেশনের তিন নদীর মোহনা। পরিবার-পরিজন নিয়ে অনেকে সেখানে ভিড় জমাচ্ছে। এই ভ্রমণকে আরও রোমাঞ্চকর করতে অনেকেই নদীপথে ঘুরতে চায়। তাই স্পিডবোট ও ছোট ট্রলারে চড়ে তারা রওনা হয় মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। কিন্তু আনন্দের এই যাত্রাই এখন পরিণত হচ্ছে বড় ঝুঁকিতে। স্পিডবোট ও ট্রলারগুলো বেপরোয়া গতিতে চলাচল করছে। নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা, নেই লাইফ জ্যাকেট বা নিয়মের তোয়াক্কা। গত বছরের ঈদেই স্পিডবোট থেকে পড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। অথচ এবারের ঈদে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সবচেয়ে বড় বিষয়, নৌ পুলিশের তেমন কোনো নজরদারি চোখে পড়ছে না। ফলে স্পিডবোট ও ট্রলার চালকরা হয়ে উঠেছে আরও বেপরোয়া। প্রতিবছর এই সময়ে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশসহ অন্যান্য সংস্থার তৎপরতা দেখা গেলেও, এবার সেই উপস্থিতি নেই বললেই চলে। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে-এই স্পিডবোটগুলোর মাধ্যমেই নদীতে ডাকাতির ঘটনাও ঘটছে। যাত্রী ও পর্যটকদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হচ্ছে।তবে শরীয়তপুর চেয়ারম্যান স্টেশন রুটে কিছু স্পিডবোট ভাড়ায় যাত্রী পরিবহন করছে।তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নেই বলে যাত্রীরা জানায়  এই অবস্থায় পর্যটকরা জানিয়েছেন, তাদের নিরাপত্তা নিয়ে তারা গভীর উদ্বিগ্ন। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নৌ পুলিশ ও কোস্ট গার্ড বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এখন প্রশ্ন একটাই-ঈদের আনন্দ কি নিরাপত্তার অভাবে ভয়ের কারণ হয়ে উঠবে?

আপনার জেলার সংবাদ পড়তে