মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানিয়ে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ সকালে উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি স্বাধীনতা দিবসের তাৎপর্য ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, উপজেলা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক শামিম শিবলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এখন সময়ের দাবি। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।