লক্ষ্ণীপুরে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৭:৫৩ পিএম
লক্ষ্ণীপুরে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা

লক্ষ্ণীপুর লক্ষ্ণীপুরের মজুচৌধুরীরহাট-ভোলা-বরিশাল নৌরুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি বাস কাউন্টারকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে লক্ষ্ণীপুরের মজুচৌধুরীরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহী পরিবহন, শ্যামলী পরিবহন, জোনাকি পরিবহন ও সোনিয়া ক্লাসিক পরিবহনের চারটি কাউন্টারকে প্রতিটিকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোয়াইপ্রু মারমা এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মজীবী মানুষ কর্মস্থলে ফেরা শুরু করায় এ সুযোগে কিছু বাস কাউন্টার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছিল। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করে এবং অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোয়াইপ্রু মারমা জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। যাত্রীদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, ভ্রাম্যমান আদালতের এ অভিযানে সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে