টাঙ্গাইলের ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহতের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুরে

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ০৩:১৯ পিএম
টাঙ্গাইলের ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহতের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুরে

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহতের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুরে। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ৮টার দিকে কালিহাতি উপজেলার ধলাটেংগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন।  নিহতেরা হলেন, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নীজপাড়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস (৩৫), তার ছেলে নিরব (১২), নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা (৩৫), একই এলাকার রাইজেল মিয়ার ছেলে সুলতান (৩৩) ও আব্দুর রশিদের মেয়ে রিফা (২৩)। তারা সবাই টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক।

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলেন, কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের পাশে রেললাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, দুই নারী ও দুইজন পুরুষ ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, রেললাইনের পাশে বসে থাকা অবস্থায় ট্রেন আসার শব্দ শুনতে না পেয়ে ঘটনাস্থলে কাটা পড়েন এসব গার্মেন্টস কর্মী। এ মর্মান্তিক দুর্ঘটনায় গাইবান্ধার ধাপেরহাট এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না ও আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে, শোকাহত পরিবারগুলোর বাড়িতে শোকাহত মানুষ ভিড় জমাচ্ছে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তিদের দাফনের প্রস্ততি চলছে বলে জানিয়েছেন সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ।

আপনার জেলার সংবাদ পড়তে