রাউজানে তরমুজের বাম্পার ফলন, লাভের স্বপ্নে উচ্ছ্বসিত কৃষক

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৬, ০৩:২৬ পিএম
রাউজানে তরমুজের বাম্পার ফলন, লাভের স্বপ্নে উচ্ছ্বসিত কৃষক

চট্টগ্রামের রাউজান উপজেলায় তরমুজের বাম্পার ফলনে কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সহায়তায় ব্যাপক পরিসরে তরমুজ চাষ করে ভালো উৎপাদন পেয়েছেন চাষিরা। ইতোমধ্যে বাগান থেকে তরমুজ সংগ্রহ ও বিক্রি শুরু হওয়ায় কৃষকদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর রাউজানে প্রায় ১৮ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। উপজেলার নোয়াপাড়া, ডাবুয়া, নোয়াজিষপুর, সুলতানপুর, হিংগলা ইউনিয়নসহ পৌরসভার বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে চাষ করা হয়েছে সুস্বাদু তরমুজ। এসব জমিতে জেব্রা কিংস, গে­ারি, রেড বোল, সেম্পিয়ান ও ব্ল্যাক ডায়মন্ড জাতের তরমুজের আবাদ করেছেন কৃষকরা। সরেজমিনে দেখা যায়, মাঠজুড়ে পরিপক্ক তরমুজের সমারোহ। শ্রমিকরা গাছ থেকে পাকা তরমুজ সংগ্রহ করে বস্তায় ভরে নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছেন। ফসল কাটা ও পরিবহনে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা। গত কয়েক বছরের তুলনায় এবার ফলন অনেক বেশি হওয়ায় আশাবাদী চাষিরা। তরমুজ চাষি হাতিয়ার মো. হাসান মিয়া জানান, তিনিসহ আরও ৭ জন কৃষক মিলে চলতি মৌসুমে ১২০ কানি জমিতে তরমুজ চাষ করেছেন। এতে প্রায় ৪০ লাখ টাকা ব্যয় হয়েছে। তিনি বলেন, “আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোদ অব্যাহত থাকলে উৎপাদন খরচ তুলে ভালো লাভ করতে পারব বলে আশা করছি।” স্থানীয় চাহিদা পূরণ করে রাউজানের তরমুজ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি। এ সফলতার পেছনে উপজেলা কৃষি বিভাগের সার্বিক সহযোগিতার কথাও উল্লেখ করেন কৃষকরা। রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির বলেন, “মৌসুমের শুরু থেকেই কৃষি বিভাগ চাষিদের পাশে ছিল। সঠিক পরামর্শ ও দিকনির্দেশনার ফলে এবার ভালো ফলন হয়েছে। ভবিষ্যতে এ উপজেলায় তরমুজ চাষ আরও সমপ্রসারণে বৃহত্তর পরিকল্পনা গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে কৃষকরা প্রত্যাশিত লাভ ঘরে তুলতে পারবেন।

আপনার জেলার সংবাদ পড়তে