লক্ষ্ণীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে ফরহাদ হোসেন (৩০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ফসলি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফরহাদ তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমনসা গ্রামের মো. দিদার হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন এবং এক সন্তানের জনক। পরিবারের অভিযোগ, পাওনা টাকা দেওয়ার কথা বলে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে এক ব্যক্তি মোবাইলফোনে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন ভোরে তার মোবাইল ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি ফসলি জমিতে তার মরদেহ পড়ে থাকার খবর পান পরিবারের সদস্যরা। নিহতের স্ত্রী নার্গিস বেগমের দাবি, টাকা লেনদেনকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা ফরহাদের ডান চোখ উপড়ে ফেলে নৃশংসভাবে হত্যা করেছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ জানান, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।