চাঁদপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জামায়াত ইসলামী সহ ১১ দলীয় ঐক্য। শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সাধারণ মুসল্লীসহ শহরের বিভিন্ন মার্কেট ও যানবাহন চালক ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী। দেশব্যাপী ঘোষিত প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃবৃন্দরা বলেন,১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনে জনগণ একইসঙ্গে জাতীয় সংসদ ও ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে রায় দিলেও বিএনপি সরকার তা অমান্য করেছে। ১১ দলের ৭৭ জন প্রতিনিধি শপথ নিলেও বিএনপি সংস্কার পরিষদের শপথ বর্জন করে গণরায়কে প্রত্যাখ্যান করেছে। পরবর্তীতে বিরোধী দলের পক্ষ থেকে বারবার অধিবেশন আহ্বানের দাবি জানানো হলেও সরকার তা উপেক্ষা করে ১৫ মার্চ সংসদে সংবিধান সংশোধনসংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেয়, যা তারা “লোকদেখানো উদ্যোগ”বলে আখ্যায়িত করেন। লিফলেটে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে গণভোটের রায় নস্যাৎ করার চেষ্টা, বিরোধীমত দমনে ‘আয়নাঘর’ সংস্কৃতি ফিরিয়ে আনার আশঙ্কা, দুর্নীতি দমন কমিশনকে দুর্বল করার উদ্যোগ, বিচার বিভাগের স্বাধীনতা বাধাগ্রস্ত করা, পুলিশ বাহিনীকে দলীয় নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা এবং ব্যাংক খাতে অনিয়মের সুযোগ সৃষ্টি। নেতৃবৃন্দ দাবি করেন, সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। এজন্য একটি স্বাধীন ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন জরুরি। তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, সাংবিধানিক প্রতিষ্ঠানে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং মানবাধিকার রক্ষায় কার্যকর কমিশন গঠনের দাবি জানান। বক্তারা আরও বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে জনগণের রায় উপেক্ষা করা হলে দেশ সংঘাতের দিকে ধাবিত হতে পারে। এ অবস্থায় গণভোটের রায় বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জনগণের অধিকার রক্ষায় সচেতন ও সোচ্চার হওয়ার পাশাপাশি রাজপথে গণআন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, এনসিটির জেলার মুখ্য সমন্বয়ের মাহবুবুর রহমান, খেলাফত মজলিসের সেক্রেটারি ..... শহর জামাতের আমি অ্যাডভোকেট শাহজাহান খান, সেক্রেটারি শেখ মোঃ বেলায়েত হোসেন, সহ সেক্রেটারি মোঃ সবুজ খান সহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।