নিজের ব্যবহৃত মুঠোফোনে অসতর্কতাবশত অনলাইন এ্যাপস্ ইন্সটল করে প্রায় অর্ধলক্ষ টাকা প্রতারক চক্রের হাতে খুয়িয়ে বিপাকে চাঁদপুরের প্রদ্যুৎ কুমার আচার্যী(৪৯) নামে এক যুবক। এখন টাকা ফেরত পেতে থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরলেও এখন পর্যন্ত কোন আশার আলো দেখছেন না তিনি। ১০ এপ্রিল শুক্রবার রাতে সহায়তা পেতে তাই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এই যুবক। প্রদ্যুৎ কুমার আচার্যী হচ্ছেন শহরের পুরানবাজারের মৃত অমূল্য চন্দ্র আচার্যী ও মৃত মায়া রানী আচার্যীর ছোট ছেলে। পেশায় তিনি জ্যোতিস শাস্ত্রের গবেষক এবং সনাতনী পুরোহিত। প্রদ্যুৎ কুমার আচার্যী জানান, আমি ফোন চালানোর সময় হঠাৎ অসতর্কতায় মোবাইলে একটি এ্যাপস্ ইন্সটল করি। এর আমার মোবাইল হ্যাং হয়ে বন্ধ হয়ে যায়। পরে ফোন টেকশিয়ানের মাধ্যমে ফোন অন করার পর দেখি আমার ফোন হ্যাকারদের দখলে।তখন হ্যাকাররা আমার বিকাশে থাকা ১২ হাজার ৫শ’ টাকা এবং ফোনে সোনালী ব্যাংকের একাউন্ট অ্যাপ সংযুক্ত থাকায় সেখান হতেও ৩০ হাজার টাকা তুলে নেয়। তিনি আরও জানান, অজ্ঞাতনামা ওই ব্যাক্তিরা যে নাম্বারে টাকাগুলো সেন্ডমানি করেছে তা আমার ফোনের মেসেজে আসায় সেগুলো দিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। কিন্তু গত ৪ এপ্রিল জিডির পরে এখন পর্যন্ত থানা থেকে টাকা উদ্ধারে তেমন কোন সহায়তা পাইনি। আমি এখন টাকা খুঁয়িয়ে নিরুপায় হয়ে চরম হতাশায় ভুগছি এবং আইনের সর্বোচ্চ সহায়তা কামনা করছি। চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহম্মেদ জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ওনাকে সর্বোচ্চ আইনী সহায়তা দেয়া হবে।