নোয়াখালীতে

চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, বাবা-ছেলেসহ আহত ২

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০৪:০৩ পিএম
চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, বাবা-ছেলেসহ আহত ২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চাঁদার দাবিকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বাবা-ছেলেসহ দুইজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায়। ভুক্তভোগী আলমগীর হোসেন জানান, তিনি  উপজেলা বিএনপির সদস্য ও ১ নং আমানুল্লাহপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক।  তিনি তার একটি দোকান ভাড়া দেন স্থানীয় ভাড়াটে আব্দুজ জাহেরের কাছে। এসময় দোকান ভাড়ার অগ্রিম টাকা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হৃদয় নামের এক ব্যক্তি তাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, রাতে সন্ত্রাসী হৃদয় ও সোহান এর নেতৃত্বে আলমগীর ট্রেডার্সে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এসময় আলমগীর হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে আসেন তার ছেলে তামিম হাসান। সন্ত্রাসীরা তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তামিমের মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে। এদিকে, পাশের ঘরোয়া হোটেলেও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ করেন হোটেল মালিক সেলিম। স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন, দ্রুত দোষীদের আইনের আওতায় আনা না হলে এলাকায় ব্যবসা ও বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। ঘটনার পর ভুক্তভোগী আলমগীর হোসেন বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার জেলার সংবাদ পড়তে