বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নববর্ষ উদযাপনকে ঘিরে সার্বিক প্রস্তুতি নিয়ে মেলার আয়োজকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাব্বির রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় জানানো হয়, পহেলা বৈশাখে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা, পুথিপাঠ, যাত্রাপালা ও লোকজ খেলাধুলার আয়োজন করা হবে। একই সঙ্গে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, “বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপন করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” সভায় বক্তারা সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।