লৌহজংয়ের পদ্মা থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৩১ মে, ২০২৬, ১১:১৫ এএম
লৌহজংয়ের পদ্মা থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পুরাতন ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি পাবনার ঈশ্বরদী উপজেলার গাওগোয়াইন গ্রামের বাসিন্দা মো. মেহেদি হাসান (৩১)। তিনি ওই গ্রামের মো. ফয়েজ উদ্দিন মালিথার ছেলে। শনিবার (৩০ মে) বিকেল ৩টার দিকে মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ও কোস্টগার্ড সদস্যরা। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. ইলিয়াস জানান, স্থানীয়রা মাওয়া চৌরাস্তা থেকে পশ্চিম পাশে পুরাতন ফেরিঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

তিনি আরও জানান, নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, গত ২৫ মে ঈদের ছুটি উপলক্ষে ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন মেহেদি হাসান। ওই দিন রাতে পরিবারের সঙ্গে সর্বশেষ কথা হলে তিনি জানান যে তিনি আরিচা ফেরিঘাট এলাকায় অবস্থান করছেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। খবর পেয়ে নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করতে ঈশ্বরদী থেকে মাওয়ার উদ্দেশে রওনা দিয়েছেন।

পুলিশ জানায়, মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহে পচন ধরেছে। ফলে অন্য কোনো চিহ্ন থাকলেও তা স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে