অনলাইন নিরাপত্তা

শিশু ও তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় কর্মশালা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৪:১২ পিএম
শিশু ও তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় কর্মশালা

বাংলাদেশে ডিজিটাল পরিসরের সুযোগ কাজে লাগিয়ে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করে শিশু ও তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সিএসওসমূহকে ক্ষমতায়নের লক্ষ্যে “শিশু ও তরুণদের অনলাইন যৌন নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ”শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বাগেরহাটের ধানসিঁড়ি হোটেল ও রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এনজিও ইনসিডিন বাংলাদেশের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইনসিডিন বাংলাদেশের প্রকল্প পরিচালক এডভোকেট মোঃ রফিকুল আলমের সঞ্চালনায় কর্মশালায় বাগেরহাট সদর উপজেলার ৫টি এবং মোল্লাহাট উপজেলার ৫টি মোট ১০টি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিশু ও তরুণদের সামনে যেমন নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, তেমনি অনলাইন হয়রানি ও যৌন নির্যাতনের ঝুঁকিও বেড়েছে। এ ধরনের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, সঠিক নীতিমালা প্রণয়ন এবং কার্যকর আইন প্রয়োগ অত্যন্ত জরুরি। বাগেরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক গিয়াস উদ্দিন তার বক্তব্যে বলেন, শিশুদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে পরিবার ও প্রতিষ্ঠানসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, শিশুদের অধিকার রক্ষায় অনলাইন প্ল্যাটফর্মে নজরদারি বাড়ানোর পাশাপাশি তাদের সচেতন করে তুলতে হবে। জেলা তথ্য উপ-পরিচালক মইনুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে শিশুদের জন্য একটি নিরাপদ ও ইতিবাচক ডিজিটাল পরিবেশ গড়ে তোলা সম্ভব। এছাড়া বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম বলেন, গণমাধ্যমকে এ বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং সচেতনতামূলক প্রচার বাড়াতে হবে। প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান বলেন, স্থানীয় পর্যায়ে সিএসওসমূহকে আরও শক্তিশালী করা হলে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে। কর্মশালায় বক্তারা শিশু ও তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখে তাদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে