নড়াইলে ‘আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ৪০ জন কৃষকের মাঝে এক কেজি করে ব্র্যাকসিড হাইব্রিড-১০ আমন ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রোর খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন-হবখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান, ব্র্যাক সিড নড়াইলের সিনিয়র টেরিটরি অফিসার মোহাম্মদ লিয়াকত আলীসহ অনেকে। কৃষিবিদ মোস্তাফিজুর রহমান বলেন, হাইব্রিড ধান চাষাবাদে মাঠ পর্যায়ে সঠিক দিকনির্দেশনা ও সময়োপযোগী পরামর্শের মাধ্যমে কৃষকরা কম খরচে বেশি ফলন পাবেন। আমাদের লক্ষ্য কৃষকরা শুধু উৎপাদনই বাড়াবেন না, বরং লাভজনক কৃষিতে নিজেদের প্রতিষ্ঠিত করবেন। এ প্রশিক্ষণের ফলে কৃষকদের জ্ঞান ও দক্ষতা আরো বাড়বে। আর ব্র্যাক সিড সবসময় কৃষকদের পাশে থেকে উন্নতমানের বীজ ও আধুনিক প্রযুক্তি সরবরাহে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, বর্তমান কৃষিতে টেকসই উৎপাদন নিশ্চিত করতে হলে হাইব্রিড ধানের চাষ সম্প্রসারণ অত্যন্ত জরুরি। এ প্রশিক্ষণ কর্মশালার মধ্য দিয়ে কৃষকদের জ্ঞান ও দক্ষতা বাড়বে। এছাড়া বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটে সেচ ব্যবস্থায় মিতব্যয়ী হতে হবে। বোরো ধানের গোড়ায় ৬ থেকে ৭ ইঞ্চি নিচে পানি থাকলে বারবার সেচ দেয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে বোরো ধানের জমিতে তিনদিন পর পর পানি দিলেও সমস্যা হবে না। এতে তেল সংকটের সময়ে কৃষকেরা অনেক উপকৃত হবেন।