বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জেলার সর্বস্তরের মানুষ নববর্ষকে বরণ করে নেয়।
পহেলা বৈশাখ উপলক্ষে সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে এক বর্ণিল শোভাযাত্রা বের হয়। রঙিন ব্যানার-ফেস্টুনে সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে “আই লাভ কুড়িগ্রাম” চত্বরে গিয়ে সমাপ্ত হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বক্তব্যে তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের অসামপ্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এ উৎসব আমাদের ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। তিনি আরও বলেন, নতুন বছরের অঙ্গীকার হোক—সকল বিভেদ দূর করে একটি মানবিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জামায়াতের জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, পিপি অ্যাডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বাংলা নববর্ষের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্য, সমপ্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
উৎসবমুখর এ আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের মানুষ নতুন বছরকে স্বাগত জানায় আনন্দ ও প্রত্যাশার নতুন আলোয়।