নাসিরনগরে

কাইঞ্জার খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন এমপি হান্নান

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৬, ০৫:৫৬ পিএম
কাইঞ্জার খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন এমপি হান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  ৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে মেঘনা নদীর কাইঞ্জার খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের দক্ষিণদিয়া গ্রাম দিয়ে প্রবাহিত মেঘনা নদীর কাইঞ্জার খাল পুনঃ খনন কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান । ফলক উম্মোচন ও কোদাল দিয়ে মাটি খননের মাধ্যমে তিনি এই কর্মসূচির সুচনা করেন। ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি  এম এ হান্নান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী কৃষি উৎপাদন বাড়াতে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। দীর্ঘ সময় পর তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশব্যাপী এই কর্মসূচি পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে এই খনন কাজ শুরু হলো এবং পর্যায়ক্রমে উপজেলার আরও খাল খনন করা হবে।

তিনি আরো বলেন খালটি পুনঃ খননের ফলে অত্র এলাকার কৃষি আবাদে সেচকার্য্যে কৃষকের অনেক সুবিধা হবে, কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করাই আমাদের বর্তমান সরকারের লক্ষ্য। এসময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরীন সভাপতিত্বে  এসময়  পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও  চাতলপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্বাস মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ আবু সারওয়ার, গোয়ালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজ্বী তারেক মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন । পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে