হাম-রুবেলা ক্যাম্পেইন নিয়ে রাঙ্গামাটিতে প্রেস কনফারেন্স

৬৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্র নির্ধারণ

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৮:০২ পিএম
৬৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্র নির্ধারণ

সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতেও আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন। আর ২০ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ১০ মে পর্যন্ত এই ক্যাম্পেইন। এসময় রাঙ্গামাটিতে প্রায় ৬৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। রবিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন হলরুমে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে এই তথ্য জানান, ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা। সভার শুরুতে হাম-রুবেলা নিয়ে সচেতনতামুলক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন অফিসের ডা: জয়ধন তঞ্চঙ্গ্যা।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা বলেন, রাঙ্গামাটিতে এখনো কোন হাম রোগী পাওয়া যায়নি। দেশের অন্যান্য জেলার চেয়ে আমরা ভাল আছি। এরপরও আমরা এ রোগ মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারী খোকন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ডা: আব্দুল্লাহ আল মান্নান, ডা: প্রতিক সেন, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরাম সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক নন্দন দেবনাথ প্রমুখ।

ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে বলেন, রাঙ্গামাটিতে এখন পর্যন্ত ২৫ শিশুর হামের নমুনা সংগ্রহ করা হলেও এখন পর্যন্ত কোনও রোগী শনাক্ত হয়নি। তবে রোগীদের জন্য হাসপাতালে আলাদা আইসোলেসন কেন্দ্র প্রস্তুত রাখা আছে। তিনি আরো বলেন, প্রতি পাঁচ বছর পর পর শিশুদের হাম-রুবেলার বুস্টার ডোজ দেওয়ার কথা থাকলেও গত ২০২৪ সালে এটি দেয়া সম্ভব হয়নি। ফলে ২০২৬ সালে এসে হাম-রুবেলার এই পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। ডা. অমিত দে আরও বলেন, বর্তমান সরকার শিশুদের হাম-রুবেলার চিকিৎসাসেবা নিশ্চিত প্রতিটি হাসপাতালে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নিয়েছে। হাম-রুবেলা নিয়ে আতংকিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি স্বাস্থ্য সচেতন হতে সকলের প্রতি আহবান জানান। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ১০টায় রাঙ্গামাটি শহরের বায়তুল শরফ কমপ্লেক্স মাদ্রাসায় হাম-রুবেলার ক্যাম্পেইন উদ্বোধন করা হবে। টিকাদানের সুযোগ পাবে ৬ মাস বয়সী শিশু থেকে ৫ বছরের কম বয়সী শিশু’রা। তবে এ-সব টিকা গ্রহণ করতে অনলাইন রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে