সীতাকুণ্ড উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে তিনজনকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। প্রশাসনের এ অভিযানে এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। শনিবার ২ মে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ এবং কুমিরা ইউনিয়নের মাজার গেইট রেলওয়ে কলোনী এলাকায় পৃথকভাবে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, চট্টগ্রামের উপ-পরিদর্শক মোঃ আবদুর রশিদ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দক্ষিণ মাহমুদাবাদ এলাকার মোঃ আমিনুল ইসলাম, পিতা: মৃত মোঃ গোলাম সোবহান, গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে ১ হাজার টাকা অর্থদণ্ড এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাজার গেইট রেলওয়ে কলোনী এলাকার মোঃ আকরাম হোসেন, পিতা: নুর নবী ও মোঃ ইমন, পিতা: শাহ আলম একই অপরাধে দুইজনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবীদের উৎপাত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। প্রশাসনের এ অভিযানে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা মনে করেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা জরুরি। তারা উপজেলা প্রশাসনের এমন কার্যকর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।