রংপুর সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স দ্রুত পুনর্গঠিত এলাকায় স্থানান্তরের দাবি জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে আবেদন করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহবুবুর রহমান বেলাল।
গত ২৮ এপ্রিল পাঠানো এক স্মারকে তিনি উল্লেখ করেন, ২০১২ সালে পাঁচটি ইউনিয়ন নিয়ে রংপুর সদর উপজেলা পুনর্গঠিত হলেও দীর্ঘ ১৪ বছরেও উপজেলা পরিষদ কমপ্লেক্স নিজস্ব এলাকায় স্থানান্তর করা হয়নি। বর্তমানে সিটি কর্পোরেশনভুক্ত এলাকায় অবস্থিত উপজেলা পরিষদে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
আবেদনে বলা হয়, সদর উপজেলার ইউনিয়নগুলো থেকে সেবা নিতে সাধারণ মানুষকে প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরে শহর এলাকায় যেতে হয়। এতে সময়, শ্রম ও অর্থ ব্যয়ের পাশাপাশি দীর্ঘ যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে অনেকেই সময়মতো সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন।
সংসদ সদস্য আরও উল্লেখ করেন, বর্তমান উপজেলা পরিষদ ভবন ও কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টারগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন সরকারি দপ্তরের ব্যবহৃত ভবনগুলোও পুরোনো ও জরাজীর্ণ হওয়ায় প্রতি বছর সংস্কার ও মেরামত ব্যয় বাড়ছে।
তিনি জানান, সদর উপজেলার মধ্যবর্তী এলাকায় ইতোমধ্যে প্রশাসনিকভাবে নতুন স্থান নির্ধারণ করে উপজেলা পরিষদ কমপ্লেক্স স্থানান্তরের জন্য গত বছরের ২৫ সেপ্টেম্বর সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন জরুরি ভিত্তিতে স্থানান্তর কার্যক্রম বাস্তবায়ন করা হলে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষের জন্য সরকারি সেবা সহজলভ্য হবে এবং সময় ও অর্থের অপচয় কমবে।
এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন এমপি।