বিরলে হঠাৎ ঘুর্নিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দীর্ঘ ৬ ঘন্টারও বেশে সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর বিদ্যুৎ বিভাগের কর্মীদের নিরলস চেষ্টায় বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হলেও বেশকয়েকটি গ্রামে রাতে এ এরিপোর্ট লেখাকালীন বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ধামইর ইউনিয়নের বাজনাহার ও বিজোড়া ইউনিয়নের ভবানীপুর, যুগীহারী, ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা নারায়ণপুর ও তেঘরা মহেশপুর গ্রামের বেশ কিছু স্থানের উপর বুধবার দুপুর সোয়া ১২ টায় একটি শক্তিশালী ঘুর্নিঝড় আঘাত হানে। ঘুর্নিঝড়ের ফলে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের বাজনাহার এলাকায় ৫ টি এবং ভবানীপুর বানিয়াপাড়া এলাকায় ১৫ টি খুঁটি মাটিতে হেলে পড়ে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর বিরল জোনাল অফিসের ডিজিএম আব্দুর রশিদ জানান, সঞ্চালন লাইন চেক করে সংস্কারের কাজ চলমান রয়েছে এবং ক্ষতিগ্রস্থ এলাকাসমূহে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেয়া হচ্ছে।
তেঘরা নারায়ণপুর গ্রামের আব্দুল হামিদ জানান, ঝড়ে তাঁর বাড়ীসহ আশপাশের অর্ধশতাধিক বাড়ীর টিনের ছাউনি উড়ে গেছে। গাছপালা ভেঙ্গে পড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক তাৎক্ষণিকভাবে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।