ময়মনসিংহের গফরগাঁওয়ে একই রাতে তিন কৃষকের গোয়াল ঘর থেকে ৮টি গরু চুরি হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে এ চুরি ঘটনা ঘটে। চুরি হওয়া ৮টি গরুর মূল্য প্রায় ৬/৭ লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাদিন মঙ্গলবার গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল ধামাইল গ্রামে কৃষক মোস্তফা বাড়ির গোয়ালঘরে তালা ভেঙে ৩টি গরু পিকআপে উঠিয়ে চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুর মধ্যে ১টি গাভী এবং ২টি ষাঁড় গরু রয়েছে। সকালে তালা ভাঙা দেখে তিনি গরু চুরির বিষয়টি জানতে পারেন। তিনি বলেন, চোরের দল আমাকে নিঃস্ব করে দিয়েছে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, একইদিন রাতে সংঘবদ্ধ চোরের দল ধামাইল গ্রামের কৃষক বকুল মিয়া ১টি গাভী ও ১টি ষাঁড় গরু এবং মাহতাব উদ্দিনের ২টি ষাঁড় গরু চুরি হওয়ায় মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন তারা। এতে তিন কৃষকের প্রায় ৬/৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সাধারণ কৃষকসহ খামারিরা এভাবে চুরির ঘটনায় আতংকিত হয়ে পড়েছেন। ফলে এলাকায় গরু চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় প্রায়ই গরু চুরির ঘটনা ঘটছে।
এছাড়াও প্রায় প্রতিরাতেই গরু চুরি কিংবা কোনো না কোনো চুরির ঘটনা ঘটছেই। যা নিয়ে উপজেলায় জনগণের মাঝে উদ্বেগ বাড়ছে। পুলিশি তৎপরতা না থাকার কারণেই এসব চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ফলে নিরুপায় হয়ে অনেক কৃষকেরা গৃহপালিত পশুর নিরাপত্তায় রাত জেগে পাহারা দিতে বাধ্য হচ্ছে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আসম আতিকুর রহমান সত্যতা স্বীকার করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরি ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।