অসহায় জরিনাকে ঘর করে দিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০৭:৫২ পিএম
অসহায় জরিনাকে ঘর করে দিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

আমার তিনডা পুলাপাইন,স্বামী নাই,আমার প্রতিবন্ধি মাইয়ারে বাঁইন্ধা রাইখা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে অনেক কষ্টে একটা মাইয়ারে লেখাপড়া করাইছিলাম। কিন্তু ভাঙাচোরা (ঝুপড়ি) ঘরে থাকতাম, বিয়ের কথা আইতো না। এহন ভালো একটা ঘর অইছে, বিয়া দিতে পারবাম আমার মাইয়ারে। কায়সার কামাল স্যার আমারে এই ঘরডা কইরা দিছে, আমি দোয়া করি তার জন্য আপনেরাও দোয়া করবাইন।

কথাগুলো বলছিলেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চন্ডিগড় গ্রামের বাসিন্দা তিন সন্তানের জননী অসহায় নারী জরিনা খাতুন। বৃহস্পতিবার (২৫জুন) বিকেলে নতুন ঘর পেয়ে খুশি তিনি। তার জীবনের দুর্দশার খবর পেয়ে ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর করেদেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

জরিনা খাতুন জানান, বসতঘরটি ছিল ভাঙাচোরা। বৃষ্টি হলেই ঘরের বাইরে পড়ার আগেই যেন তার ঘরের ভেতরে পানি পড়ত। সেই ঘরেই প্রতিবন্ধি সন্তানসহ অন্যদের নিয়ে ভিজেই দিন-রাত পার করতে হতো তাকে। এমনকি বড় মেয়ের বিয়ের কথাও আসলে ঘরের জন্য বিয়ে হচ্ছিল না। তার কষ্টে জীবনযাপনের একটি ভিডিও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নজরে এলে তিনি ব্যক্তিগত উদ্যোগে নতুন ঘর নির্মাণ করে দেন। এখন থেকে এই নতুন ঘরেই সন্তানদের নিয়ে বসবাস করবেন তিনি।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে জরিনা খাতুন বলেন, আগে ভাঙা ঘর আছিল, মাইয়ার বিয়া দিতে পারি নাই। এখন ঘর পাইছি, আমি অনেক খুশি। আল্লাহর কাছে দোয়া করি। এহন মেয়ের বিয়ে দিতে পারুম। নতুন ঘরের উদ্বোধন করেন জরিনা খাতুন নিজেই। এ সময় গ্রামবাসী উপস্থিত ছিলেন। জরিনার মতো একজন অসহায় নারীর জন্য ঘর নির্মাণ করে দেওয়ায় খুশি স্থানীয়রাও।

আপনার জেলার সংবাদ পড়তে