ভারী বর্ষণে জামালপুরের মেলান্দহে অর্ধশতাধিক বিঘার বোরো ধান পানিতে তলিয়ে গেছে। ফুলকোচা গোদাডাঙ্গার বিলের পানি কানায় কানায় ভরে যাওয়ায় ফসল কৃষকের ঘরে তোলা অনিশ্চয়তা দেখা দিয়েছে। কৃষক গোলাম মোস্তফা (৬৫) জানিয়েছেন, অন্যান্য বছর এই বিলের তীরে বছরে বোরো ও রোপা আমন এই দু’টি ফসল করে থাকি। প্রচন্ড বৃষ্টির কারণে ক্ষেতে একন সাঁতার পানি। তারমধ্যে কচুরিপানায় ভরে গেছে। এ বছর আমি এক মন বোরো ধানও ঘরে তুলতে পারব না।
রিয়াজুল ইসলাম (৪৫) জানিয়েছেন, বর্ষার পানি চারদিক থেকেই গোদাডাঙ্গার বিলে প্রবেশ করলেও; ছোট একটি খাল দিয়ে পানি বের হতো। এবার খালটি বন্ধ হওয়ায় পানি বের হতে পারে নাই। ফলে আমাদের প্রায় ২০ বিঘা জমির পাকা-অর্ধপাকা ধান পানিতে তলিয়েছে। ইউসুফ আলী (৩৫) বিলের পানি প্রবাহের জন্য এলাকাবাসির পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন করেছি। কোন সাড়া পাইনি। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ জানিয়েছেন-ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা উর্ধ্বতন মহলে প্রেরণ করা হয়েছে।