নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংগঠনকে শক্তিশালী করার লক্ষে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। শনিবার (০৯ মে) সাপাহার উপজেলায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী স্থানীয় সরকার নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনসম্পৃক্ততা বাড়ানো এবং বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান (স্বপন), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক মোকলেছুর রহমান (মুকুল)সহ অনুষ্ঠানে উপজেলা কমিটির দলীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।