বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির কর্মীসভায় কঠোর বার্তা

ত্যাগী নেতাকর্মীরা সম্মান পাবেন, অপকর্মকারীদের ছাড় নেই

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৭:০৩ পিএম
ত্যাগী নেতাকর্মীরা সম্মান পাবেন, অপকর্মকারীদের ছাড় নেই

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিকাল ৪টায় বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজের হলরুমে আয়োজিত এ কর্মীসভায় ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের আশ্বাসের পাশাপাশি দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন বিএনপির নেতারা।

উপজেলা বিএনপির আহ্বায়ক ডঃ কমল কদরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ মোরসালিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, যুগ্ম আহ্বায়ক ছালামত উল্লাহ ছালাম, যুগ্ম সদস্য সচিব ফজলু করিম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরওঙ্গজেব মোস্তফা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মুরসালিন বলেন, গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন। অনেককে মামলা, হামলা, কারাভোগ ও রিমান্ড সহ্য করতে হয়েছে। পরিবার-পরিজন ছেড়ে আত্মগোপনে থাকতে হয়েছে। যারা দুঃসময়ে দলের জন্য রাজপথে ছিলেন, দল অবশ্যই তাদের ত্যাগের মূল্যায়ন করবে।

তিনি আরও বলেন, ত্যাগী নেতাকর্মীদের সম্মানজনক পদ-পদবী দিয়ে সম্মানিত করা হবে। কিন্তু সেই সঙ্গে সবাইকে মনে রাখতে হবে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। জনগণের আস্থা অর্জন করতে হলে পরিচ্ছন্ন রাজনীতি ও জনবান্ধব আচরণের বিকল্প নেই।

মোরসালিন বলেন, বিচার-আচার ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে দলের জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত হয়। মাটির ব্যবসা, দখল-বাণিজ্য কিংবা জনভোগান্তিকর কর্মকাণ্ড জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করছে। আমাদের ভোট কমা মানেই বিরোধী শক্তির ভোট বেড়ে যাওয়া। তাই আগামী দিনে এসব বিষয়ে বিএনপি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। সিনিয়র যুগ্ন আহবায়ক জহুরুল আলম জহুর বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে যারা দলের জন্য নির্যাতন সহ্য করেছেন, ভবিষ্যতে তারাই নেতৃত্বের মূল শক্তি হবেন। তৃণমূল পর্যায়ে ঐক্য আরও সুসংহত করে বিএনপিকে জনগণের দলে পরিণত করতে হবে। যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী তৃণমূলের নেতাকর্মীদেরকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। এই কর্মী সমাবেশে বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মীসভা শেষে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় লক্ষ্য করা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে