কুমিল্লার হোমনায় ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান সরকার (২৭) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার ৪নং চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রামকৃষ্ণপুর জিরো পয়েন্টের 'মক্কা-মদিনা এসএস গ্যালারী' দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহজনক চলাফেরার সময় হাসানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করে এলাকাবাসী। আটক হাসান সরকার রামকৃষ্ণপুর গ্রামের আকন্দপাড়ার মৃত অলি সরকারের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে হেফাজতে নেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হোমনা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, ইয়াবাসহ আটক হাসান সরকারের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।