চাঁদপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে শহরের দুইটি খাবার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার(১০ মে) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজের নেতৃত্বে এই অভিযান এবং ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। চাঁদপুরের হকার্স মার্কেট বিপরীতে তাজ হোটেল এন্ড রেস্টুরেন্টে ২০ হাজার টাকা ও তালতলা রোডে অবস্থিত কালাম বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা সহ দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী তাজ হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন,সংরক্ষণ, দই উৎপাদন এবং মেয়াদের তারিখ না দেয়া, বিক্রয় করা ও চায়ের মূল্য বাজার মূল্যের চাইতে অনেক বেশি রাখার কারণসহ বিভিন্ন অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে শহরের তালতলা এলাকায় অবস্থিত কালাম বিরানি হাউজকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদবিহীন দই উৎপাদন সংরক্ষণ ও বিক্রয়, মেয়াদবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে বোরহানী উৎপাদন সংরক্ষণ, পুরাতন মাংস পচা বাঁশি খাবার ফ্রিজে সংরক্ষণ করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। আরোপিত জরিমান অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় তাৎক্ষণিক পরিশোধ করেন।এবং অঙ্গীকারনামায় স্বাক্ষর দেন এ ধরনের অপরাধ দ্বিতীয়বার না করার। এছাড়াও নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাঙালিয়ানা হোটেল ও অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দিকনির্দেশনা দেন।ভ্রাম্যমান আদালতে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ পুলিশের একটি টিম।এসময় কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব চাঁদপুরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে,পর্যায়ক্রমে বিভিন্ন মিষ্টির দোকান ও কারখানায় সেমাইকারখানা এবং হোটেল রেঁস্তোরায় যেখানে অনিয়ম থাকবে এ ধরনের ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।