শিকারিদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ১১ মে, ২০২৬, ০৪:২৮ পিএম
শিকারিদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

চোরাশিকারিদের কবল থেকে সোমবার সুন্দরবন সংলগ্ন পাথরঘাটার চরদুয়ানির পৃথক এলাকায় অভিযান চালিয়ে পাচারের অপেক্ষায় থাকা দুইটি জীবিত হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। উদ্ধার হওয়া হরিণ দুটি সোমবার (১১ মে) বিকেলে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সুরজিৎ চৌধুরীর নেতৃত্বে বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ মে) সকালে পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়নের গাববাড়িয়া এলাকায় অভিযান চালান। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা হাজীবাড়ী মসজিদের কাছের একটি পুকুরে হরিণটিকে ফেলে রেখে পালিয়ে যায়। অপর হরিণটি উদ্ধার হয়েছে একই দিন বেলা দুইটার দিকে কালিয়াখাল এলাকা থেকে। সেখানেও বনরক্ষীদের দেখে শিকারিরা পালিয়ে যায়। পরবর্তীতে বনরক্ষীরা হরিণ দুটিকে উদ্ধার করে জ্ঞানপাড়া টহল ফাঁড়িতে নিয়ে যান। একটি হরিণ কিছুটা আহত থাকায় সেটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, "চরদুয়ানি এলাকায় উদ্ধার হওয়া হরিণ দুটি শিকারিরা সুন্দরবনে ফাঁদ পেতে ধরে নিয়ে যাচ্ছিল। পায়ে কিছুটা আহত একটি হরিণকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুটি হরিণকেই সোমবার বেলা তিনটার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরখালী বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে।"

আপনার জেলার সংবাদ পড়তে