চার হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা

নওগাঁর আম বাজারে আসছে ২২ মে

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) :
| আপডেট: ১১ মে, ২০২৬, ০৬:২৫ পিএম | প্রকাশ: ১১ মে, ২০২৬, ০৬:২৫ পিএম
নওগাঁর আম বাজারে আসছে ২২ মে

নওগাঁয় ২২ মে এর আগে কোনআম সংগ্রহ করা যাবে না। এদিন থেকে বাগান থেকে আম সংগ্রহ শুরু হবে। জাতভেদে পর্যায়ক্রমে বিভিন্ন আম বাজারে আসবে। অপরিপক্ব আম বাজারজাতকরণ ঠেকাতে প্রতিবছরের মত এবারও আম সংগ্রহের সময়সূচি ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে আবহাওয়া, তাপমাত্রা ও বৃষ্টিপাতসহ বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও আম সংগ্রহ করা যাবে।

রোববার (১০ মে) বিকেলে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সময়সূচি জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সভায় নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে আম সংগ্রহের এই সময় নির্ধারণ করা হয়। সূচি অনুযায়ী, আগামী ২২ মে থেকে সব ধরনের গুটি জাতের আম সংগ্রহ করা যাবে। ৩০ মে থেকে গোপালভোগ, ২ জুন ক্ষীরসাপাত বা হিমসাগর, ৫ জুন নাক ফজলি, ১০ জুন ল্যাংড়া ও হাঁড়িভাঙা, ১৫ জুন আম্রপালি, ২৫ জুন ফজলি ও ব্যানানা ম্যাঙ্গো এবং ৫ জুলাই থেকে আশ্বিনা, বারি আম-৪, গৌড়মতি ও কাটিমন আম সংগ্রহ করা যাবে। জেলা কৃষি সমপ্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোছা. হোমায়রা মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার, আমচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।  সভায় জানানো হয়, নওগাঁ জেলায় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। এবছর জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৫ মেট্রিক টন। এবার নওগাঁ জেলা থেকে প্রায় ৪ হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে।জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “অধিক মুনাফার লোভে নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই অপরিপক্ব আম বাজারে তোলা যাবে না।” নওগাঁর আমের সুনাম অক্ষুন্ন রাখতে তিনি চাষি ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে