কুমিল্লার হোমনায় পুলিশের সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার সময় ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। গতকাল মঙ্গলবার সকালে হোমনা থানার এসআই মোসলেহ উদ্দিন ও এএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম মাথাভাঙা ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় ছিনাইয়া থেকে আসা একটি সন্দেহভাকুমিল্লান সাদা রঙের প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ ১৮-৯৩৯০) থামার সংকেত দেয় পুলিশ। পুলিশের সংকেত অমান্য করে কারটি মেঘনা থানার দিকে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ পিছু ধাওয়া করে পার্শ্ববর্তী মেঘনা থানার মানিকারচর এলাকায় গিয়ে গাড়িটি আটক করতে সক্ষম হন। এসময় চালক দ্রুত পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে এর পেছনের কেবিনেট থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানিয়েছে, জব্দকৃত গাঁজা ও প্রাইভেটকারটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।