নওগাঁয় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ উদ্বোধন করলেন এমপি ধলু

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ১২ মে, ২০২৬, ০৭:২২ পিএম
নওগাঁয় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ উদ্বোধন করলেন এমপি ধলু

নওগাঁয় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে নওগাঁ সরকারি খাদ্যগুদামে জেলা খাদ্য বিভাগের অয়োজনে সমাবেশে নওগাঁ-৫ (সদর) আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য দানকালে এমপি জাহিদুল ইসলাম ধলু বলেন, “নওগাঁ বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্য উৎপাদনকারী জেলা। এখানকার কৃষকেরা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করছে।”

তিনি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য বরদাশত করা হবে না। প্রকৃত কৃষকরাই যেন এই কর্মসূচির সুফল পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।”

এমপি বলেন, “নওগাঁর কৃষকের ঘামেই দেশের খাদ্যভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। কৃষকের মুখে হাসি ফোটাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। খাদ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হলে কৃষকেরা উৎসাহিত হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।” সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রকৃত কৃষক ও বৈধ মিলাররা যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে।”

জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার বলেন, “চলতি মৌসুমে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী জেলার বিভিন্ন খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ করা হবে। নির্ধারিত মান ও আর্দ্রতা বজায় রেখে কৃষক ও মিলারদের কাছ থেকে খাদ্যশস্য গ্রহণ করা হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে