চাঁদপুর শহরের পুরান বাজার মিল ফ্যাক্টরি এলাকায় চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল প্যাকেটজাত করে বিক্রি করায় দুই প্রতিপ্রষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার ভ্রাম্যমান আদালত। জরিমানা করা প্রতিষ্ঠান দুইটি হলো- লোহারপুল রয়েজ রোডস্থ খাজা বাবা অটো রাইস মিলকে ২০ হাজার টাকা ও আজমিরী অটো রাইস মিলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১২ মে) দুপুরের দিকে জেলা পুলিশ টিমের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। 'পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যাবহার আইন, ২০১০' অনুযায়ী ১৯টা পণ্যে পাটের বস্তার সঠিক ব্যবহার, পাটের বস্তার যোগান ও দেশব্যাপী পরিচালিত অভিযানের অগ্রগতি পরিদর্শনকালে এই জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা জানান, পাটজাত মোড়ক আইন সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় বিভিন্ন মিল ও কারখানায় প্লাস্টিকের বস্তার ব্যবহার বেড়েছে। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি দেশের পাটশিল্পও হুমকির মুখে পড়ছে। এ কারণেই অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।পরিবেশ সুরক্ষা ও পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। অভিযানের সময় মিল মালিকদের প্রতিনিধিরাও তাদের অবস্থান তুলে ধরেন। তারা জানান, পাটের বস্তার দাম তুলনামূলক বেশি এবং সরবরাহও সীমিত। এ কারণে অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছেন। এদিকে মিল মালিকদের প্রতিনিধিরা বলেন, প্রতিযোগিতামূলক বাজারে বেশি দামে পাটের বস্তা কিনে চাল বিক্রি করা কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি প্লাস্টিকের বস্তা উৎপাদনকারী কারখানাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে পাটের বস্তার ব্যবহার বাড়বে বলেও তারা মত দেন।