খুলনার পাইকগাছায় লাইসেন্স বিহীন ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ সংরক্ষণ এবং নিয়ম বহির্ভূতভাবে ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর। অভিযানে ৭ টি ফার্মেসিকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ জব্দ করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার দুপুরে পৌর সদরের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ও বিভাগীয় ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মাখ্নুওন তাবাসসুম এবং জেলা ঔষধ তত্ত্বাবধায়ক। অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে তদারকি করে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি সহ যথাযথ নিয়ম না মেনে ঔষধ বিপণনের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় এবিকে ফার্মেসি, ডিজিটাল ইউনানী ফার্মেসি, জুয়েল ড্রাগ হাউজ, পাইকগাছা ইউনানী দাওয়াখানা, পপুলার ফার্মেসি, রোহিত ফার্মা, তৌফেল ঔষধালয়সহ মোট ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলায় ভোক্তা অধিকার ও ঔষধ সংক্রান্ত বিভিন্ন আইনে জরিমানা আদায় করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ঔষধ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।