নাটোরের লালপুরে এক ভ্যানচালককে হাত-পা ও চোখ বেঁধে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার কদিমচিলান-চাঁনপুর সড়কের পুকুরপাড়া বিল এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার সারোয়ার (৫০) কদিমচিলান ইউনিয়নের দাইড়পাড়া গ্রামের আহাদ মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে সারোয়ার তার ভ্যান নিয়ে চানপুর বাজারে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুরপাড়া বিল এলাকার নির্জন সড়কে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা চারজন দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে তারা সারোয়ারের হাত-পা ও চোখ বেঁধে ফেলে এবং তাকে রাস্তার পাশে ফেলে রেখে ভ্যানটি ছিনতাই করে পালিয়ে যায়।
ভুক্তভোগী সারোয়ার জানান, কিছু সময় পর তিনি নিজেই কষ্ট করে হাত-পায়ের বাঁধন খুলে বাড়িতে ফিরে আসেন এবং বিষয়টি স্থানীয়দের অবহিত করেন। এঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতের বেলায় নির্জন সড়কে টহল জোরদারসহ দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।