পরিচয় পাল্টে ২৫ বছর পালিয়ে হলো না শেষ রক্ষা, ভাই-বোন গ্রেপ্তার

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৭:১৪ পিএম
পরিচয় পাল্টে ২৫ বছর পালিয়ে হলো না শেষ রক্ষা, ভাই-বোন গ্রেপ্তার

বরিশালের মেহেন্দীগঞ্জে একটি হত্যার ঘটনার পরে প্রায় ২৫ বছর ধরে পলাতক ছিলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দীন (৪৬) ও আসমা বেগম (৪৪)। সম্পর্কে তারা দুজন আপন ভাই-বোন। এই  দুই ভাই-বোন পরিচয় পাল্টে, অবস্থান বদল করেও শেষ রক্ষা পাননি। বুধবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে কাজীরহাট থানা পুলিশ। কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

জসিম উদ্দীন ও আসমা বেগম উপজেলার কাজীরহাট থানার আজিমপুর গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে ও মেয়ে। ২০০১ সালের একটি হত্যা মামলায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বলে জানায় পুলিশ।

কাজীরহাট থানা পুলিশ জানায়, আজিমপুর এলাকায় একটি হত্যার ঘটনায় ২০০১ সালে মেহেন্দীগঞ্জ থানায় একটি মামলা হয়। যার নম্বর জিআর ৭৯/২০০১, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। ওই মামলায় আদালত জসিম উদ্দিন ও আসমা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদালত দুই আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। মামলার পরে আসামিরা আদালতে হাজির কিংবা কারাদণ্ডের পর আত্মসমর্পন না করায় আদালত তাদের বিরুদ্ধে কয়েকবার গ্রেপ্তারী পরোয়ানা জারি করে।

কাজীরহাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তি এর সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করেন। পরে বুধবার বিকেলে ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। 

এএসআই মহিউদ্দীন জানান, হত্যা ও মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। তারা পরিচয় পাল্টে দীর্ঘ ২৫ বছর ঢাকা, নারায়ণগঞ্জ,  গাজীপুরসহ বিভিন এলাকায় অবস্থান করছিলেন। তাদের অবস্থান শনাক্ত এবং পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

এ ব্যাপারে কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই ভাই-বোনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে