বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে এক সাংবাদিকের ওপর অর্তকিতভাবে হামলা চালিয়ে মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হামলায় আহত উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ এবং বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মাহফুজুর রহমান মাসুম অভিযোগ করে বলেন, ১৪ মে বিকেলে পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ একটি দলের নেতাকর্মীরা অর্তকিতভাবে তার ওপর হামলা চালিয়ে মারধর করে। এসময় হামলাকারীরা তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে।
আহত সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম আরও জানিয়েছেন, গুরুত্বর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত সাংবাদিক বাদি হয়ে হামলাকারী মেহেদী ভুঁইয়া, সোহেল রানা ও সেন্টুসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা সটকে পরেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলার বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।