বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো একটি চিকিৎসা কেন্দ্র চালু করা হয়েছে। শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কলেজ প্রশাসনের উদ্যোগে এ চিকিৎসা কেন্দ্র চালু করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কলেজে চিকিৎসা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ পাবেন।
কলেজ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য একটি চিকিৎসা কেন্দ্রের দাবি ছিল। অবশেষে কলেজ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো এ ধরনের সেবা চালু হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। নতুন এ চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করা হবে বলে কলেজ প্রশাসন জানিয়েছে।