বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মে) সকালে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারে প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান, সদস্য অনিক হাসান, ওবায়দুল শিকদার, মেহেদি হাসান মাহিম, সাফওয়ান আদনান বিপ্লব, সীমা আক্তার, মোঃ হেলাল শরীফ, সিয়াম ও অন্যান্য পাঠক-সদস্যবৃন্দ। গত ৮ মে এবং ২৫ মে বাতিঘর আদর্শ পাঠাগার আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় অর্ধশত শিশু অংশগ্রহণ করে। প্রথম দিনের প্রতিযোগিতায় প্রথম হয়েছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোয়া আক্তার, দ্বিতীয় স্থান অর্জন করেছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আদিয়া জাহান আফরিন এবং তৃতীয় হয়েছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মীম আক্তার। দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় প্রথম হয়েছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নাহিয়ান, দ্বিতীয় স্থান অর্জন করেছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তমা জান্নাত এবং তৃতীয় হয়েছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আল আমিন। উল্লেখ্য, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি”স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।