সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইলো আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

এফএনএস (প্রতিবেদন) : | প্রকাশ: ৩১ মে, ২০২৬, ০২:৩০ পিএম
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইলো আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

পুলিশ ও র‍্যাব সদস্যদের উপস্থিতিতেই গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন হাসপাতালটির নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা। একপর্যায়ে তারা ধাওয়া দিয়ে হাসপাতাল থেকে গণমাধ্যমকর্মীদের বের করে দেন। কয়েকজনকে মারধরও করেন।  সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের কর্মীদের অনাকাঙ্ক্ষিত আচরণ ও হামলার ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (৩০ মে) রাতে হাসপাতালের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত বুধবার সকালে হাসপাতালটিতে এক থেকে তিন দিন বয়সের ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার পর গতকাল (শনিবার) বিকেলে হাসপাতালটি পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনে শেষে হাসপাতালের কলেজ ভবনের আটতলায় একটি বেকারি কারখানা পাওয়ার কথা জানান তিনি। বেকারি কারখানা থেকে গ্যাস নির্গত হয়ে নবজাতকদের ক্ষতি করছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে বলে জানান মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন ও বেকারির সন্ধান পাওয়ার খবর পেয়ে সন্ধ্যার দিকে হাসপাতালটিতে যান গণমাধ্যমকর্মীরা। তবে স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শন শেষে চলে যাওয়ার পরপরই হাসপাতালটির সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। গণমাধ্যমকর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে হাসপাতালটির নিরাপত্তাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে বাগবিতণ্ডায় জড়ান তারা। পরে পুলিশ ও র‍্যাব সদস্যরা সেখানে যান। তাদের উপস্থিতিতেই গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন হাসপাতালটির নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীরা। একপর্যায়ে তারা ধাওয়া দিয়ে হাসপাতাল থেকে গণমাধ্যমকর্মীদের বের করে দেন। কয়েকজনকে মারধরও করেন। মারধরে টাইমস অব বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক কাজী জাহিদ, দীপ্ত টিভির ক্যামেরা পারসনসহ তিনজন আহত এবং বৈশাখী টিভির ক্যামেরা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  হাসপাতাল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৭ মে হাসপাতালে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর থেকেই চিকিৎসক ও সেবাকর্মীরা প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় বিভিন্ন সরকারি সংস্থা ও তদন্ত কমিটির নিয়মিত পরিদর্শনের কারণে হাসপাতালে একটি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছিল। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শনিবার স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল পরিদর্শনে আসার পর বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন। তখন চিকিৎসাধীন রোগীদের স্বার্থে সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় হাসপাতালের কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে সাংবাদিকদের কথা কাটাকাটি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের প্রতি কোনো ধরনের অসম্মান প্রদর্শনকে সমর্থন করে না এবং শনিবারের ওই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘অনভিপ্রেত’ বলে অভিহিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, তারা সবসময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। কর্মীদের অনিচ্ছাকৃত ও অনাকাঙ্ক্ষিত আচরণে সাংবাদিকরা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


আপনার জেলার সংবাদ পড়তে