কচুয়ায় নিখোঁজের এক দিন পর নুরুল ইসলাম (৭০) নামের সার ও কীটনাশক ব্যবসায়ীর হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে ২০২৬ ইং) বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন শ্রী নিবাস এলাকার হাইওয়ে সড়কের পূর্ব পাশে বিলের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের মাথায়, ঘাড়ে ও মুখে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। নিহত নুরুল ইসলাম কচুয়া উপজেলার ৭নং সদর দক্ষিণ ইউনিয়নের তুলপাই গ্রামের বাসিন্দা। স্বজনরা জানান, গেলো শুক্রবার (২৯ মে ২০২৬ ইং) সকাল ১১ টায় নিখোঁজ হয়েছেন নুরুল ইসলাম ।
এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন শনিবার তার ছোট ছেলে সানাউল্যাহ কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।নিহতের স্ত্রীর দাবি, নুরুল ইসলামের কোন শত্রু নাই,তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে খুনিরা। যারা আমার স্বামীকে হত্যা করেছে, তাদের খুঁজে বের করে ফাঁসির দাবি জানাচ্ছি। কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন,নিখোঁজের পরদিন সকালে তাঁর ছোট ছেলে সানাউল্যাহ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ পাওয়ার পরপর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুসন্ধান শুরু করেন।পরবর্তীতে ওইদিন বিকেলে তাঁর লাশ কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন শ্রী নিবাস এলাকায় পাওয়া যায়।