পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গভীর রাত বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থী তাজুল ইসলাম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করেছে নিহতের পিতা ফারুক হোসেন। রবিবার রাতে কলাপাড়া থানায় দায়ের করা মামলায় কিশোর গ্যাং সদস্য রিয়াদ, সজীব খান ও হৃদয় মোল্লার নাম উল্লেখ করে অজ্ঞাত সাত জনকে আসামি করে। পুলিশ এ মামলায় সন্দেহজনক রুমান নামে এক আসামী আটকসহ ওই তিন আসামিকে গ্রেফতার করেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আজ ওই চার আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
এদিকে একটি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা আজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিতে পারেন। গত শনিবার রাতে কলাপাড়ার মাছুয়াখালী গ্রামে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ডেকে বিলে নিয়ে তাজুল ইসলামকে ছুরিকাঘাত করে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।