মুলাদীতে ভাতিজার হামলায় চাচা নিহত, গ্রেপ্তার ৪

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ১ জুন, ২০২৬, ০৩:১৩ পিএম
মুলাদীতে ভাতিজার হামলায় চাচা নিহত, গ্রেপ্তার ৪

বরিশালের মুলাদীতে জমি বিরোধের জেরধরে  ভাতিজা ও তার সহযোগীদের হামলায় চাচা নিহত হয়েছেন। গত রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্ণীপুর গ্রামের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন ঢালী (৫৫)। তিনি দড়িচর লক্ষ্ণীপুর গ্রামের মৃত হাচেন ঢালীর ছেলে। তার বড়ভাই ভাই মোস্তফা ঢালীর ছেলে ইমরান ঢালী লোকজন নিয়ে রোববার সন্ধ্যায় তাকে পিটিয়ে মারাত্মক আহত করেন। পরে রাতে ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে তিনি মারা যান।

এঘটনায় নিহতের ভায়রা ভাই রেজাউল করিম সরদার বাদী হয়ে রোববার রাতে ইমরান ঢালীসহ ৭জনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেছেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে পুলিশ ইমরান ঢালী, মোস্তফা ঢালী, আবু হাওলাদার ও আবুল ফজল রমজান নামের ৪ আসামি গ্রেপ্তার করেছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতের পরিবার ও মামলার সূত্রে জানা গেছে, আনোয়ার ঢালীর একটি জমি তার বড় ভাই মোস্তফা ঢালী ও তার ছেলে ইমরান ঢালী জোড়পূর্বক ভোগদখল করে আসছিল। রোববার দুপুরে আনোয়ার ঢালী ওই জমি ছেড়ে দিতে বলেন এবং জমিতে ধান চাষ করার ঘোষণা দেন। এনিয়ে মোস্তফা ঢালীর সঙ্গে তার কথার কাটাকাটি হয়। পরে বিকেলে আনোয়ার ঢালী নিজের বরজ থেকে পান তুলে বাংলাবাজারে বিক্রি করতে চলে যান। 

সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইমরান ঢালীর নেতৃত্বে ৭-৮জন লোক লাঠিসোটা নিয়ে বাংলাবাজারে আনোয়ার ঢালীর ওপর হামলা করেন। হামলাকারীরা তাকে এলোপাথারি পিটিয়ে মাটিতে ফেলে চলে যান। পরে বাজারের লোকজন আনোয়ার ঢালীকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

এঘটনায় রেজাউল করিম সরদার বাদী হয়ে ওই গ্রামের মোস্তফা ঢালীর ছেলে ইমরান ঢালী (২৬), মৃত হাচেন ঢালীর ছেলে মোস্তফা ঢালী (৬০), আতাহার হাওলাদারের ছেলে আবু হাওলাদার (৪০), নাসির তালুকদারের ছেলে আবুল ফজল রমজান (২১) সহ ৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩জনসহ ৯জনকে আসামি করে মামলা করেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রাতেই ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে