কিশোরগঞ্জের কটিয়াদীতে সামাজিক সংগঠন ‘আশ্রয়’ এর রজত জয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, বরেণ্যজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় আচমিতা বাজার সংলগ্ন সংগঠন ‘আশ্রয়’ এর কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্য শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২, কটিয়াদী-পাকুন্দিয়া আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. মো:জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুর রহমান বাদল, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য রাজীব সরকার পলাশ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সংগঠনের সদস্য অ্যাড. ওমর জাকির বাবুল প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে ছয়টি ক্যাটাগরিতে পাঁচজন ব্যক্তি ও ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর মধ্যে সাহিত্যে বিশেষ অবদানের জন্য লেখক ও কবি আবিদ আনেয়ার, গর্বিত পিতা হিসেবে মো. রফিকুল ইসলাম, সাংবাদিকতায় মানবজমিন প্রতিনিধি মো. রফিকুল হায়দার টিটু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, প্রাকৃতিক কৃষি ক্ষেত্রে কৃষক সাদ্দাম হোসেন এবং সমাজে যুবকদের কর্মসংস্থানে বিশেষ অবদানের জন্য ‘আহমেদ এন্ড কোম্পানি’ মনোনীত হন। প্রধান অতিথি মো: জালাল উদ্দিন এমপি মনোনীতদের উত্তরীয় পরিয়ে হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।